এপারে এসে জীবনের ওপারের কথা লেখার ইচ্ছা হৃৎপিণ্ডে কেমন যেন শিহরণ তুলছে। সব কথা স্মৃতির অতলে লুকিয়ে আছে। কোনো কোনো কথা বিস্মৃতির অতলে ডুবে গেছে। কোনো ঘটনা আনন্দঘন, কোনো ঘটনা বেদনাবিধুর। জীবনটাই যে আনন্দ আর বেদনার সম্মিলিত রূপ। জন্ম আনন্দ না বেদনা তা বলা কিন্তু কঠিন। জন্মের পর শিশুর কণ্ঠে কান্নার ধ্বনি উচ্চারিত হয়। এই কান্না কি আনন্দের! আবার শিশুর জন্ম পিতামাতার মুখে আনন্দে বন্যা বইয়ে দেয়। আসলে দুটোই সত্যি। জন্মে যেমন আনন্দ আছে, তেমনি বেদনাও আছে। জন্ম থেকে আনন্দ আর বেদনার খেলা শুরু হয়, জীবনের দীপ না নেভা পর্যন্ত সে খেলা চলে অবিরত। তাইতো মানুষের জীবন সুখ আর দুঃখের একটা যোগফল। আমার জীবনের ওপারের কথা বলব বলে শুরু করেছি।