'জীবনের পথে পথে' অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খানের আত্মজীবনীমূলক এই গ্রন্থ শুধু একটি জীবনকাহিনী নয়; এটি এক নিবেদিতপ্রাণ চিকিৎসকের সেবার ব্রত, এক সাহসী মানুষের অক্লান্ত পথচলার দলিল।
করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই-দীর্ঘ এই প্রবাসজীবনে লেখক শুধু দেশই দেখেননি, দেখেছেন মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আশা-নিরাশার নানা রঙ। ইরান-ইরাক যুদ্ধের ভয়াল দিনগুলোতে যুদ্ধাহতদের সেবা করে গেছেন, আর সবসময় কীভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন সেই স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নই তাঁকে পৌঁছে দেয় দুবাইয়ের বুকে। সেখানে গড়ে তোলেন আল-হেলাল মেডিকেল সেন্টার। এরপর ঢাকার মিরপুরে প্রতিষ্ঠা করেন আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড ও আল-হেলাল নার্সিং ইনস্টিটিউট। বারিধারা, চাঁদপুর, ফরিদগঞ্জ, কিশোরগঞ্জ ও রূপগঞ্জ সহ বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে তাঁর প্রতিষ্ঠিত আল-হেলাল মেডিকেল সেন্টারসমূহ।
এই গ্রন্থ কেবল প্রতিষ্ঠার গল্প নয়; এটি সম্পর্কের গল্প। পাতায় পাতায় ছড়িয়ে থাকা স্মৃতিকথা পাঠককে নিয়ে যাবে এক অনন্য মানবিক যাত্রায়। এখানে আছে প্রবাসের কঠিন বাস্তবতা, আছে টিকে থাকার লড়াই, আছে সাফল্যের মন্ত্র। আর সবচেয়ে বড় কথা-একজন চিকিৎসকের ভালোবাসার গল্প, যিনি শুধু রোগী দেখেননি, দেখেছেন মানুষ; শুধু ওষুধ দেননি, দিয়েছেন ভালোবাসা।