ছেলেবেলায় বিরাট আড়গড়া অর্থাৎ ঘোড়া রাখার আস্তাবল। ঘোড়াগাড়ির ট্যাক্সি স্ট্যান্ডও বলতে পারেন। বড় বড় ঘোড়া, বলিষ্ঠ মাংসপেশির, যাদের খুরের শক্ত ঘষাঁয় অ্যাসফল্টের রাস্তার ওপরে স্ফুলিঙ্গ ছিটকে বের হতো। এসব ঘোড়া বেশিরভাগই ঘোড়াগাড়ি টানতো। তবে কিছু কিছু ঘোড়া সৌখিন লোকদের প্রাতঃভ্রমণের জন্য অথবা ঘোড়দৌড়ের ময়দানে ব্যবহৃত হতো। সে সময়ে কোচোয়ান আর ঘোড়ার সম্পর্ক ছিল নিবিড়। ওরা একে অন্যের সঙ্গে কথা বলতো।
রাত বেশি হলে ফিসফিস করে মতবিনিময় করতো। তাদের মান-অভিমানের পালা বেড়ার ফাঁক থেকে অনেকে দেখতো। আপনারা যাঁরা 'Horse's Mouth' উপন্যাসটি পড়েছেন বা অ্যালেক গিনেস অভিনীত ছবিটি দেখেছেন (ছবিটি অনেকগুলো বড় বড় পুরস্কার পেয়েছিল), তাঁরা জানেন একজন সহিসের সঙ্গে একটি ঘোড়ার কি অন্তরঙ্গতা গড়ে উঠতে পারে। আমি এ ধরনের একজন কোচোয়ানকে খুব কাছে থেকে দেখেছি। ওকে আমরা সবাই আদম বলে ডাকতাম।