আল্লাহ্ তা’আলার অনুপম কুদরত ও প্রজ্ঞার নিদর্শন হচ্ছে, তিনি সাত আসমান ধূম্রকুঞ্জ থেকে থেকে পয়দা করেছেন; অথচ এ আকাশসমূহের পরস্পরের মধ্যে কোনো সামঞ্জস্য ও সাদৃশ্য নেই। তদ্রুপ আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করে সে পানি দ্বারা বিভিন্ন ধরনের বৃক্ষলতা ও রকমানি ফলমূল বানিয়েছেন। এসব ফলমূলের কোনোটা শুভ্র, কোনোটা লালচে রঙের, কোনোটা হলদে রঙের, আবার কোনোটা মিষ্ট, কোনোটা টক, কোনোটা পানসে ইত্যাদি। পবিত্র কোরআনের ভাষায়-
‘আমি স্বাদে একটিকে অপরটির চেয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করি।’ সূরা রা’দ : ৪
এভাবে মানুষ অঞ্চলভেদে কেউ কালো, কেউ লাল এবং কেউ হলদে। আবার কেউ কেউ বা চিন্তাগ্রস্ত; আবার কেউ মোমেন, কেউ বা কাফের, কেউ আলেম, কেউ মূর্খ; অথচ সকলেই আদমের সন্তান এবং তাঁরই বংশধর। মূলত এ হচ্ছে মহামহিম আল্লাহ্ তা’আলার অনন্ত প্রজ্ঞা ও সৃষ্টি নৈপুণ্য। ‘নিপুণ স্রষ্টা আল্লাহ্ কতই না কল্যাণময়।’