মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। হেলালের হাতে প্রচুর সময়। শেষ পরীক্ষার দিনও সহপাঠী বন্ধুদের সাথে কত প্ল্যান, কত আলোচনা, পরীক্ষার পরে ওরা কি করবে কোথায় যাবে কিভাবে সময় কাটাবে। আজ পরীক্ষা শেষ বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই, যেখানে পারিবারিক নিয়ম আর পিতা মাতার নির্দেশ অনুযায়ী মাগরিবের আযানের সাথে সাথে ঘরে ফেরার কথা। সেখানে আজ কারো মধ্যেই ঘরে ফেরার অস্থিরতা নেই, তাড়াহুড়ো নেই।
ওরা সব বন্ধুরা আজ আনন্দ সাগরে ভাবনার ডানা মেলে ভেসে বেড়ায়। ওদের আজ আনন্দের কোন সীমারেখা নেই। উচ্ছ্বাস আর উল্লাসে ওরা ডুবে আছে, হৈ চৈ করছে। ভাবছে এত লম্বা সময় এত দীর্ঘ ছুটি ওরা পুরোপুরি উপভোগ করতে চায়, আনন্দ করে মজা করে কাটাতে চায়। কেউ বলছে চল্ সবাই মিলে পিকনিকে যাই, কেউ বলছে চল আমরা সবাই মিলে সিলেটের জাফলং যাই।
অবার কেউ বলছে চল্ সবাই মিলে কক্সবাজার সী বীচে যাই, সাগরপারে দাঁড়ালে সাগরের বাতাসে মন বড় হয় উদার হয় ভাল থাকে, দেহ মনে প্রশান্তির ছোঁয়া লাগে।