আমাদের মগজ আজ ফ্যাসিবাদের উপনিবেশ। চিন্তা, অনুভূতি, আত্মমর্যাদাবোধ আর কণ্ঠ যেন অশুভ শক্তির জিম্মাদার। পাখি আকাশে উড়তে পছন্দ করে না, মাছ যেন স্রোতস্বিনী নদীর কথা ভুলেই গিয়েছে; স্বাচ্ছন্দে আছে খাঁচায় আর অ্যাকুরিয়ামে। এ কি আজ অভ্যাস না কি হীনম্মন্যতা?
এ কি অজ্ঞতা না কি পরাভয়? যাইহোক না কেন— আলোর মতো মুক্ত নয়। জীবনের যে তৃপ্তি, যে রসবোধ, যে মর্ম তা কোনো দাসত্ব শৃঙ্খলে অনুভব করা অসম্ভব। মিথ্যার মায়াজাল ছিন্ন করে, ভোরের আলোর ইশারায় শুরু হোক নবযাত্রা। বিশ্বাস— একদিন জিন্দাখানার লাল রুটি খেতে খেতে বিরক্ত হবো, আতপ চালের পিঠা খাওয়ার জন্য শরিক হবো বেঁচে থাকার ধর্মঘটে।