এখানে যে গল্প আর রূপকথাগুলো পড়বে, সেগুলো আমি পড়েছি রুশ ভাষায়। এখানে একটি রূপকথা রয়েছে ইংল্যাণ্ডের, আরেকটি বেলারুশিয়ার। বাকিগুলো সব রাশিয়ার গল্প, রূপকথা আর লোককথা। তোমরা যারা গল্প শুনতে ভালোবাসো, তাদের কথা মনে রেখেই এগুলো বেছে নেয়া হয়েছে। আমাকে এই অনুবাদের কাজে যিনি সবসময় উৎসাহ দিয়েছেন তিনি হলেন শিশু সাহিত্যিক মোস্তফা হোসেইন। তাঁকে ধন্যবাদ দিয়ে খাঁটো করব না। ঝিঙেফুলের সত্ত্বাধিকারী গিয়াসউদ্দিন খসরু সমস্ত কাজে যেভাবে সাহায্য করেছেন, তাতে প্রমাণিত হয়েছে যে তিনি তোমাদের সবাইকে খুব ভালোবাসেন। তার প্রতিও রইল আমার কৃতজ্ঞতা। এ বই তোমাদের ভালো লাগলে আরো আরো গল্প, রূপকথা আর কথা নিয়ে ফিরে আসব তোমাদেরই কাছে। তোমাদের কাছে তো ফিরে নাসতেই হবে, কারণ তোমাদের বয়সে আমরাও সারাদিন গল্প শোনার জন্য দাদীমা, মায়ের কাছে বসে থেকেছি। সে কথা তো ভুলতে পারি না। তোমরা গল্প পড়তে পড়তে হয়ে ওঠো খাঁটি মানুষ-এই আমার চাওয়া। আর একটা কথা। শেষ মলাটে বইয়ের নামটা অদ্ভুত লাগছে না? এটা আসলে তোমাদের সাথে একটা খেলা। মলাটটি আয়নার সামনে তুলে ধর। কী দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা মজাটা পাও, এটাই আমরা চেয়েছি।