সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মনসুর রহমান পাকিস্তানের করাচিতে চাকরি করার সুবাদে করাচি একাডেমি স্কুলে ১৯৪৮ সালের ১ জুলাই ভর্তি হন তিনি সপ্তম শ্রেণিতে। ওই স্কুল থেকে ১৯৫২ সালে ম্যাট্রিক পাস করেন তিনি। এরপর করাচির ডি. জে. কলেজে ভর্তি হলেও কিছুদিন ক্লাস করার পর ১৯৫৩ সালে যোগ দেন পাকিস্তান সামরিক বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে। কাকুলস্থ পাকিস্তান মিলিটারি একাডেমিতে সামরিক ট্রেনিং শেষে ১৯৫৫ সালে জিয়াউর রহমান কমিশনপ্রাপ্ত হন। ১৯৬০ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা খানম পুতুলের সাথে। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানির কমান্ডার হিসেবে লাহোরের খেমকারান সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ করেন। ১৯৬৬ সালে জিয়া কাকুলস্থ পাকিস্তান সামরিক একাডেমিতে প্রশিক্ষক নিযুক্ত হন। এর কয়েক মাস পর ওই বছরই জিয়াকে কোয়েটা স্টাফ কলেজে প্রশিক্ষক নিযুক্ত করা হয়। সেখানে দায়িত্ব পালনকালেই ১৯৭০ সালে জিয়ার বাবা মনসুর রহমান মৃত্যুবরণ করেন। সে বছরের অক্টোবর মাসে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পরিচালনার দায়িত্ব দিয়ে জিয়াকে চট্টগ্রামে পাঠানো হয়।
একাত্তরের মার্চের উত্তাল পরিস্থিতিতে জনআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যখন পাকিস্তানি সামরিক জান্তার সঙ্গে ক্ষমতার মসনদে বসার আলোচনায় লিপ্ত ছিল এবং সেই সুযোগে পাকিস্তানি সামরিক জান্তা অতিরিক্ত সৈন্য মজুত করে ২৫ মার্চের কালরাতে স্বাধীনতার আন্দোলন দমাতে গণহত্যাযজ্ঞ চালাল, এরপরও রাজনৈতিক নেতৃত্ব দেশকে যুদ্ধের দিকে ধাবিত না করে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার চেষ্টাতেই নীরব ভূমিকায় ছিল। তখন দিশাহীন জাতিকে সঠিক পথ দেখাতে ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজেকে 'হেড অব দ্য স্টেট' উল্লেখ করে মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং পাকিস্তানের খণ্ডতায় কার্যকর উদ্যোগ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জিয়াসহ সামরিক বাহিনীর চাপে পড়েই গত্যন্তর না দেখে রাজনৈতিক নেতৃত্ব ১৪ দিন পর বাংলাদেশ সরকার গঠন করে। এদিকে মুক্তিযুদ্ধ পরিচা-লনায় গঠিত জেড ফোর্সের কমান্ডার হিসেবে ময়মনসিংহ ও সিলেটের উত্তরাঞ্চলে যুদ্ধের নেতৃত্ব দেন জিয়া। যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশ স্বাধীনের পর তিনি 'বীর উত্তম' খেতাবে ভূষিত হন। ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের পর তিনি সেনাপ্রধান নিযুক্ত হন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল বিচারপতি আবু সায়েম রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলে জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮১ সালের ৩০ মে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে জিয়াউর রহমান বিপথগামী সৈনিকদের গুলিতে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন।