মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞানের পঠন-পাঠন হলে যে ছাত্রদের সুবিধা হয়, সে বিষয়ে এখন দ্বিমত করার অবকাশ নেই। ইদানিং বিজ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে রসায়নে বাংলা ভাষায় রচিত অনেক পাঠ্যপুস্তক প্রকাশিত হচ্ছে। সুদীর্ঘকাল ধরে আমরা ইংরেজী ভাষাতেই বিজ্ঞান চর্চা করেছি, সে মান অক্ষুন্ন রাখতে হলে মাতৃভাষায় প্রচুর পাঠ্যপুস্তক প্রকাশিত হওয়া বাঞ্চনীয়।
রসায়ন শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে পরিমার্জিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচী প্রণয়ন করা হয়। নতুন পাঠ্যসূচী অনুযায়ী বি.এস.সি (অর্নাস) দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য “জৈব রসায়-II” পাঠ্যপুস্তকটি রচনা করতে পেরে এবং তা প্রকাশিত হওয়ায় আমরা সংশ্লিষ্ট সকলের কাছে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জৈব রসায়নের প্রাসঙ্গিক বিষয়গুলোকে, বিশেষ করে বিক্রিয়ার শর্তাবলি ও কৌশলকে অতি সহজে বোধগম্য করার প্রয়াসে প্রতিটি অধ্যায় সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় রচনা করা হয়েছে। জৈব রসায়নের সৌন্দর্য কেবল বিক্রিয়াসমূহের সংঘটনই নয়, বরং এগুলো কেন ঘটছে, তা অনুসন্ধান করা। এ লক্ষ্য সামনে রেখেই জৈব রসায়নকে যথাসম্ভব সুস্পষ্ট ও সঠিকভাবে শিক্ষার্থীদের নিকট সহজ ও সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে।