ভোর হতে আরও খানেকটা বাকি। হঠাৎ মোবাইলের রিং বেজে ওঠল। রিং বাজার শব্দে রবিউল হাসানের ঘুম ভেঙে গেল। ভেতরে ভেতরে তিনি ভীষণরকম বিরক্ত। তিনি চাননি ফোনের কারণে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটুক। ফোনের শব্দ থেকে বাঁচার জন্য তিনি কাত হয়ে শুলেন। তারপর ওপরের কানটাতে তিনি একখানা হাত আলতো করে রেখে মোবাইলের শব্দ থেকে বাঁচার চেষ্টায় থাকলেন। এক সময় রিং বাজার শব্দ থেমে গেল, রবিউল হাসানেরও স্বস্তি এল।
রাত তিনটের দিকে তিনি বিছানায় গিয়েছেন। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না। প্রতিরাতেও তিনি এ সময়ে ঘুমোতেন। ঘুমানোর আগে তিনি মোবাইলটা বন্ধ রাখতেন। ওইদিন তিনি মোবাইলটা বন্ধ করেননি। হয়ত তাঁর মনে ছিল না, অথবা ইচ্ছে করেনি। পত্রিকা অফিসে কাজ করার এ এক ঝামেলা। বাপ মরুক মা মরুক কিছুই যায় আসে না। আগে কাজ তারপর মা বাপের শ্রাদ্ধ। অফিসের কাজ সেরে তিনি যখন রাস্তায় নেমে আসতেন তখন রাস্তাঘাটে একেবারে পিনপতন নীরবতা নেমে আসত।