পুরনো ঢাকার ঘরবাড়ি একটু অন্যরকম। প্রতিটি বাড়িই বয়স-বার্ধক্যে জড়সড়। শরীরের এখানে ওখানে ভেঙে পড়েছে। মরচেধরা রড শিকগুলো মানুষের কঙ্কালের মত উঁকি মেরে আছে। কোন কোন বাড়ির ভাঙা দেয়ালে শিকড় গেঁথে দোল খাচ্ছে বটের চারা। মাঝে মাঝে দল বেঁধে নামে বানরেরা। এর ওর ঘরে ঢুকে পড়ে যখন তখন।
পৃথিবীটা যেন এদেরই কেনা। কাপড়-চোপড় থেকে আরম্ভ করে সব কিছুই যেন এদের প্রয়োজনে আসে। হাতের নাগালে কারো শার্ট পেলে তো কথা নেই। নিজেই পরে বসলো। কারো শাড়ি পছন্দ হলে তো তাই শরীরে পেঁচানো শুরু করলো। এভাবে পুরনো ঢাকাকে বানর রাজ্য করে ছাড়ে মাঝে মাঝে।