কবিগান বাঙালি সংস্কৃতির মৌলিক উদ্ভাবন। বিতর্কমূলক ও প্রতিযোগিতাধর্মী এই গানের মধ্যে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, কবিপ্রতিভা ও সঙ্গীতসাধনার অপূর্ব সমন্বয় লক্ষ করা যায়। আঠারো শতক থেকে এই গান বাংলার লোকায়ত ও ঐতিহ্যিক সাহিত্য-সঙ্গীত ধারার একাধিক অংশকে লালন করে আসছে। একুশ শতকের সূচনাতেও টিকে থাকা ঐতিহ্যবাহী এই সঙ্গীতশাখা সম্পর্কে জানার আগ্রহ নিরসনের লক্ষ্যে গ্রন্থটি পরিকল্পিত ও প্রণীত।
কবিগানের সংজ্ঞা ও পরিবেশন-রীতি, কবিগানের আসর, কবিগান পরিবেশনের স্থান-কাল, এই গানের কথা ও সুরের প্রকৃতি, কবিগানের উদ্ভব ও বিকাশ, সর্বোপরি, গত দুই শতাধিক বছর ধরে যাঁরা কবিগান পরিবেশন করেছেন, তাঁদের সংক্ষিপ্ত পরিচয়, এক কথায় কবিগানের সামগ্রিক ইতিহাস গ্রন্থটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।