কালো জোয়ার
দেখে মনে হয় শরিফার চোখ দুটোর ওপর পাথর বসিয়ে দিয়েছে কেউ। অনড়, শুষ্ক, অপলক। অথচ প্রতি রাতে তার চোখ সমুদ্র হয়। সমস্ত দিনের পরিশ্রম-অবসন্নতা ওকে টেনে নেয় ঘুমের অতলে। সেখানে শুরু হয় তার এক ভিন্ন যাপন, সেখানে একমাত্র অনুষঙ্গ শিশুর কান্না। আকাশ মাটি কাঁপানো কান্না। শরিফাও কাঁদে। কেঁপে কেঁপে ওঠে ওর শরীর। ডুকরে কাঁদে ওর প্রতিটি রক্তকণিকা। ঘুমের ভেতরে জোয়ার আসে চোখ-নদীতে।