এই কয়েকদিন আগে একদিন, খুব বৃষ্টি হলো না সকালে, ওই দিন ওই সকালের ঘটনা। পুরান ঢাকার এক বোর্ডিং-এর বাসিন্দা কানা মিয়া একটা ঘুম দিয়ে উঠলেন।
বৃষ্টি-ঘুম দিয়েছিলেন। খুব সকালে উঠেছিলেন একবার। ঘর থেকেও বেরিয়েছিলেন। সূর্য দেখেন নি। মেঘ ছিল আকাশে। তারপর বৃষ্টি। আকাশ উপুড় করা বৃষ্টি। ঝুম ঝুম ঝুম ঝুম ঝুম ঝুম ঝুম ঝুম। বৃষ্টির শব্দ শুনতে শুনতে আবার ঘুম ধরে গিয়েছিল কখন। ঘুমিয়ে স্বপ্ন টপ্নও দেখলেন। একটা স্বপ্ন না কয়েকটা স্বপ্ন। একটা স্বপ্নে দেখলেন তাকে দুইয়ের ঘরের নামতা লিখতে দেয়া হয়েছে।