আগে যখন লেখার অভ্যাস ছিল না তখন প্রায়ই মন খারাপ হতো। অনেক না বলা কথাগুলো গুমরে গুমরে কেঁদেছে। অব্যক্ত কথাগুলো ব্যক্ত না করতে পেরে বিস্ফোরক হয়ে হৃদয়ে জমাট বেঁধেছে।
না বলা কথাগুলো আমকে সাহস জুগিয়েছে, ভেতর থেকে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছে। আমাকে প্রতিবাদী করে তুলেছে।
আমি তখন আড়মোড়া ভেঙ্গে জেগে উঠি। মনের না বলা কথাগুলো হঠাৎ বিস্ফোরিত হয়ে কবিতার মাঝে প্রকাশ পায়। কবিতা অনেকটা অক্সিজেনের মতো আমার জীবনে প্রবেশ করে। আমি এখন ইট-পাথরের খাঁচায় সমুদ্রের নীল সাগরের মাতাল হাওয়ায় ভেসে যাই।
পথ চলতে চলতে অবসরে সুখে-দুঃখে আমার প্রতিটি ভাবনা জুড়ে কবিতা আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে। চলার পথে বিভিন্ন সময়ে আমার ভাবনায় জমাটবদ্ধ শব্দগুলোকে আমি কবিতার মাঝে গেঁথে রেখেছি। আমার কবিতাগুলো হয়তো কারো ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে।