এই গল্পগ্রন্থের গল্পগুলো জীবনের, সঙ্গমের, দুঃখের আনন্দের, তিমির হননের, আয়নায় নিজের প্রতিফলনের বহুমাত্রিক রূপ ও রূপান্তরে পূর্ণ। 'আলো আমার আলো' একটি আত্মিক সম্পর্কের চিরন্তন গাথা। 'মানবের মন' পাঠককে দেয় প্রচণ্ড ধাক্কা; পাশাপাশি শ্রেয়বোধের মহিমামণ্ডিত সৌন্দর্যেও ভাস্বর। 'অন্ধকার' নারী ও পুরুষের কামনা-বাসনার বিচূর্ণ প্রতিশোধের অভাবনীয় স্বাক্ষর। 'মুমু অথবা মম'র গল্প' মানব মনের খেয়ালি বাটখারার বিস্ময়কর উপমা। 'অচল পয়সা' তরুণের নিঃশব্দ সংগ্রামের অগ্নিবিন্দু। 'কবি ও কৃষ্ণকলি' একটি অনবদ্য গল্প। জীবনের গভীর গোপনে লুকায়িত নিরুপম আনন্দ ও নির্মাণের দারুণ প্রকাশ। 'ঝড়ের দিনে' প্রতীকী ব্যঞ্জনায় সুখ ও সর্বনাশের চমৎকার চিত্রনাট্য। 'মানসী'তে ধরা পড়েছে 'কোথায় পাব তারে'র চিরকালীন আর্তি। 'শিল্পীর জন্ম ও মৃত্যু' পাঠককে বেদনার স্রোতে ডুবিয়ে রাখে। বৃষ্টির সঙ্গে বাঙালির নিবিড় সংরাগ অনাদিকালের। বৃষ্টি নিজেই একটি শক্তিশালী চরিত্র। 'বৃষ্টি এবং কয়েকজন' গল্পে প্রকৃতির কান্না ও কয়েকজন মানুষের জীবনের খণ্ড খণ্ড চিত্রের মধ্য দিয়ে গল্পকার যেন এক আনন্দ-বেদনার কাব্য রচনা করেছেন।
প্রতিটি গল্প নিটোল আর বিস্ময় অনুভূতিতে ভাস্বর।