[কোনো দাঁতের ডাক্তারের বসবার ঘর। মোটামুটি জমকালো করেই সাজানো। দাঁত উপড়ানোর উঁচু চেয়ার, কাচের আলমারিতে ছুরি, সাঁড়াশি, তাকে সাদা পাথরের বাটি, ওষুধের শিশি, দেয়ালে পোকা-খাওয়া দাঁতে ছবি, চেয়ারের ঠিক পেছনেই গ্যাস পাম্প ইত্যাদি।
ঘরের মধ্যে দুটি মানুষ। একজন যুবক ডাক্তার। অন্যজন অষ্টাদশী তন্বী রোগিণী। মেয়েটি সুন্দরী, সুঠাম এবং সুবেশী। পোশাকটা অবশ্য একটু অসাধারণ এবং অতিরিক্ত জমকালো। সিল্কের পাজামার ওপর পুরু রেশমের লতাপাতার কাজ-করা জাপানি কোট, পায়ে মখমলের চটি। মুখের গড়ন অত মিষ্টি ও স্নিগ্ধ না হলে ঠিক বর্মি মেয়ে বলেই মনে হত। মেয়েটির হাতে এখনও এক গ্লাস পানি- এই মাত্র ঢোক গিলে কী একটা যেন গিলে ফেলতে চাইছে।
আর ডাক্তারের মুখে-চোখে সাফল্যের আত্মপ্রসাদ চকচক করছে। ঠোঁটের কোণে বিজয়ীর গর্বিত হাসি মেখে মেয়েটিকে ভ্রুকুঁচকে লক্ষ করছে। ডাক্তার পুরুষ এবং পরিচ্ছন্ন।