মানেন আর নাই মানেন ঢাকা এখন কফির শহর। ওরহান পামুকের ‘মাই নেইম ইজ রেড’ উপন্যাসের একটি চরিত্র সম্পর্কে বলা হচ্ছে: যখন সে কফি পান বন্ধ করে দিল স্বাভাবিকভাবেই তার মস্তিষ্ক কাজ করা থামিয়ে দিল। একটি পঙ্ক্তিই যথেষ্ট। সবার জন্য ওয়ার্নিং: মস্তিষ্ক সতেজ রাখুন, কফি পান করুন।
কফি পঞ্চদশ শতকে অটোমান রাজত্বে স্বামী তালাকের একটি আইনগত ভিত্তি প্রদান করেছিল। পুরোনো দিনে আরব স্বামী যদি সকালে পান করার জন্য ভালো মানের তাজা কফি সংসারে সরবরাহ করতে না পারত তাহলে স্ত্রী এমন ‘অপদার্থ স্বামীকে’ তালাক দেবার অধিকার লাভ করত।
মাহমুদ দারবিশ লিখছেন : তাড়াহুড়ো করে কফি খাওয়া উচিত নয়। কফি হচ্ছে সময়ের বোন, ধীরে ধীরে চুমুক দিতে হবে। স্বাদের শব্দ হচ্ছে কফি, সুগন্ধের শব্দ কফি, সেবন হচ্ছে ধ্যান, তা স্মৃতিতে ও আত্মায় ডুবে যায়। কফির ঘ্রাণে সূর্য উঠে বইটি পড়তে পড়তে কফির ঘ্রাণ আপনিও পাবেন।