মানুষ বা অন্যান্য জীব যাহা খাইয়া জীবন ধারণ করে, তাহাই খাদ্য। যে প্রক্রিয়া দ্বারা জীবদেহে খাদ্যদ্রব্য পরিপাক ও পরিশোষিত হইয়া সমস্ত দেহের কোষে কোষে ছড়াইয়া পড়ে ও দেহের বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ও শক্তি উৎপাদনে সাহায্য করে তাহাকেই পরিপুষ্টি বা পুষ্টি বলে। খাদ্য দ্বারাই দেহের পরিপুষ্টি হয় এবং পরিপুষ্টির উপরেই স্বাস্থ্য নির্ভর করে। সুষ্ঠু ও সুচারুরূপে এই পরিপুষ্টি ক্রিয়া সংঘটিত হইলে মানুষ বা অন্যান্য জীব সুন্দর স্বাস্থ্যের ও সুঠাম দেহের অধিকারী হয়।