সময়ের সিঁড়ি বেয়ে এ পথে এসো একদিন/দেখে নিও গায়ে কতশত ব্যথার চিহ্ন লেপটে আছে!/ ব্যথা যেমন দেখা যায় না/ তেমনই সব কান্নার জল থাকে না... সত্যি কথা বলতে কি প্রতিভাবান কবি এবি ছিদ্দিক-এর এ এক অনন্য উচ্চারণ! আসলেই অব্যক্ত সবকিছুর আলাদা একটা বিশেষ মর্যাদা থাকে। বোধকরি দৃশ্যমান কোনোকিছুর চেয়ে সকল মাত্রা বা স্কেলে অদৃশ্য কিছু অনেক বেশি স্থায়ী, গভীর এবং মূল্যমান নির্ভর হয়। আর তা যদি কবিতায় শিল্পিত হয়; তাহলে তো কোনো কথা-ই নেই। কবি এবি ছিদ্দিক তেমনই একজন শৈল্পিক মানুষ; যার কবিতায় জীবন সমুদ্রের অথৈ জলে অবগাহন করার আস্বাদন পাওয়া যায়। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুষঙ্গ যেভাবে তার কবিতায় প্রাণ পেয়েছে তা এককথায় অসামান্য।