ব্রিটেনের রাজা লিয়ার বুড়ো হয়েছেন। বয়সের ভারে আর রাজ্য চালানোর ঝক্কিতে তিনি ক্লান্ত। তাঁর ইচ্ছে অবসর নিয়ে বাকি দিনগুলো আরাম আয়েশে কাটাবেন। তাই ঠিক করেছেন, সন্তানদের হাতে রাজ্যের ভার তুলে দেবেন। সন্তান বলতে তো তিনটি মেয়ে। বড় মেয়ে গনেরিল, আলবানির ডিউকের সঙ্গে তার বিয়ে হয়েছে। মেজ মেয়ে রিগান কর্নওয়ালের ডিউকের স্ত্রী। ছোট মেয়ে কর্ডেলিয়া এখনও কুমারী। ফ্রান্সের রাজা আর বারগান্ডির ডিউক- দুজনই তাকে বিয়ে করতে চান। লিয়ার অনুচরদের ডেকে বললেন, 'এই দেখুন আমার রাজ্যের মানচিত্র। রাজ্যকে তিনভাগে ভাগ করে একেক ভাগ একেক মেয়েকে যৌতুক হিসেবে দিয়ে যাব। ইচ্ছাপত্র পাকা করে যাব যাতে পরে কোনো ঝামেলা না হয়।'