এরা মিঠুকে নিয়ে যাচ্ছে কোথায়? এখন পুরো ব্যাপারটা ওর কাছে বোকামি মনে হয়। সে কিছু না জেনে এমন বোকার মতো গাড়িতে উঠে পড়ল! এরা যদি তাকে আর গাড়ি থেকে নামতে না দেয়! যদি দূরে কোথাও নিয়ে চলে যায়! সে কী মাকে আর দেখতে পাবে না! শফিকদের সঙ্গে কাল সিনেমা দেখার কথা! ওরা খুব মজা করে সিনেমা দেখবে আর মিঠু কোথায় পড়ে থাকবে! মিঠু পেছন দিকে তাকায়। ড্রাইভার লোকটাকে এখন আর ড্রাইভার মনে হচ্ছে না। তার পেটানো শরীর, কোমরের কাছে কী ছোরা-পিস্তল কিছু আছে নাকি! একটু নৃশংস চেহারা। দেখে মনে হচ্ছে এই লোক নিশ্চিন্তে যে কাউকে খুন করে হাত মুছে গাড়ি চালাতে শুরু করে। গাড়ির স্টিয়ারিংয়ে রক্তের দাগ লাগতেই দেয় না। পেছনে আরেকটা কালো রংয়ের গাড়ি। সেখানে এরচেয়েও ভীতিকর লোকেরা হয়ত বসে আছে।