দিনের আলো ভাল করে ফোটার আগেই মিহিরুণের চোখে আলো ফোটে। সেই সময়ে ওর ঘুম গাঢ় হয় এবং তখন ওর মনে হয় এটাই ওর সত্যিকারের ঘুমের সময়। এ সময়ের ঘুম ওকে স্বপ্নের দেশে নিয়ে যায়। যে কোনো দেশের মাটিতে দাঁড়িয়ে যে কোনো মানুষের সঙ্গে ওর দেখা হয়। তাই এই ঘুমের সময়টুকুই ওর সবচেয়ে বেশি আনন্দের সময়। ও জানালার বাইরে ডানা ঝাপটানো টুনটুনির ডাক শুনে বলে, টুনিরে এমন মজা আর হয় না।
কিন্তু মা বড্ড জ্বালাতন করে। সূর্য রোদ ছড়ানোর আগেই মা আস্তে করে ডাকে, ওঠ মিহি। আর কত ঘুমুবি। কাজে যেতে হবে না?
আর একটু মা। তুমি বড় জ্বালাও আমার স্বপ্ন দেখার সময়ে তুমি ডাকো কেন?