চারিদিকে কেবল জল আর জল। বেশ বড়োসড়ো দ্বীপ-সন্দ্বীপ খাল-বিল-নদী- জল-জঙ্গলে ঘেরা প্রকৃতির কোলে গড়ে ওঠা একটি শান্ত সুন্দর দ্বীপ। দ্বীপবাসীরা অধিকাংশই মুসলমান এবং দরিদ্র। পূর্বে চট্টগ্রাম,উত্তরে নোয়াখালি। সাগরের অনেকটা পথ উত্তরে পাড়ি দিয়ে উড়ির চর,সেখান থেকে জলপথে নোয়াখালি। সে অবধি পৌঁছতে অনেক খরচ তাই সাধারণ গরিব মানুষ সন্দ্বীপকেই নিজের ভুবন বলে জানে। পড়াশোনার সুযোগ এ দ্বীপে তেমন নেই বললেই চলে। ছোটো ছেলেদের জন্য দূরে দূরে দু-একটি মাদ্রাসা-মক্তব আছে। বাংলা এবং ইংরেজি প্রাথমিক স্কুলও আছে তবে তা অনেক দূরে,তাছাড়া সেখানে পড়তে অনেক খরচ। অথচ এই দ্বীপে জনবসতি গড়ে উঠেছে বহুকাল আগে থেকেই।