কবিতা কোথা থেকে আসে জানা নেই। ঠিক কীভাবে কবিতা লিখলে তা কবিতা হয়ে ওঠে সেই ব্যাকরণও অজানা। তবুও কিছু যেন লিখতে ইচ্ছে করে। কখনো এমন হয় কিছু একটা লেখার সুতীব্র ইচ্ছে কিন্তু যেন লেখা যাচ্ছেনা। এমন অনুভূতি যন্ত্রণার। এইসব টানাপোড়েন আর সুতীব্র ইচ্ছে থেকে কিছু অনুভূতিকে ধরার চেষ্টা শব্দে,বাক্যে। যা গদ্য কথামালায় বন্দী করতে ইচ্ছে করেনা। চাই এসব অনুভূতি,নিজের একান্ত গহন কথাগুলো কবিতা হয়ে উঠুক।
শব্দ,বাক্যে সাজানো কথামালা কতটুকু কবিতা,কতটুকু না-কবিতা তা নির্ধারণের ভার রইলো পাঠকের ওপর।
'কোমল গান্ধার' -বইটি তাদের প্রতি ক্ষুদ্র আমার নিবেদন।
পাখি উড়ে যায় — পাখি উড়ে আসে
ঠোঁটে করে নিয়ে আসে স্মৃতির খড়কুটো
ফেলে রেখে যায় ঘর-বারান্দায়,
শীত গ্রাস করলে সমস্ত আলো
সেই খড়কুটো জড়ো করে আগুন জ্বালাই,
আগুন পোহাই — আগুন তাপাই
আর বেদনার তাপে পুড়তে পুড়তে
ছায়া খুঁজি কোনো এক সুপ্রাচীন বৃক্ষের
যে বুকে নিয়ে বসে থাকে স্মৃতির স্নিগ্ধ মেঘ ।