কোরআনে বর্ণিত ঈমান- যা একটি সার্বজনীন আধ্যাত্মিক চেতনার শিক্ষা বহন করে; তা কী কেবল প্রাতিষ্ঠানিক কাঠামোর (Institutions) মধ্যেই সীমাবদ্ধ? এই মৌলিক প্রশ্ন থেকেই বইটির আলোচনা শুরু। ইসলামের নানা ব্যাখ্যাগত (Interpretations) প্রবণতার কেন্দ্রে কোরআনকেই গ্রহণ করা হয়েছে তথ্য বিশ্লেষণ, বিশ্বাস এবং তর্কের প্রধান উৎস হিসেবে। কোরআনের দর্শনের সঙ্গে ইসলামের ইতিহাসের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে যুক্তিনিষ্ঠতা এবং গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি বইটির মুখ্য বৈশিষ্ট্য।
লেখকের প্রাথমিক উদ্দেশ্য ছিল কোরআনের দর্শনের ওপর একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অনুধ্যানসমৃদ্ধ বই রচনা করা-একটি ইশতেহারধর্মী পাঠ (Manifesto) হাজির করা। বইটিতে কোরআনের মৌলিক ধারণা, ইসলামের ঐতিহাসিক প্রবাহ এবং আধুনিক বিশ্বরাজনীতিতে ইসলামের অবস্থান নিয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু সুস্পষ্ট আলোচনা উপস্থাপিত হয়েছে। আকারে ছোট রাখার পেছনে রয়েছে একটি স্পষ্ট নৈতিক অবস্থান- যেন বইটি সকল শ্রেণির পাঠকের জন্য সহজে পাঠযোগ্য হয় এবং এর মূল্য সাধারণ পাঠকের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।
বইটির প্রতিটি বক্তব্য নিরপেক্ষ, সূত্রনির্ভর ও গবেষণামূলক-যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে যুক্তির দৃঢ়তাকে। ইসলামের মৌলিক তাত্ত্বিক ভিত্তি ও তার সমকালীন প্রেক্ষাপটই এই বইয়ের মূল অনুসন্ধান। পাঠক নিশ্চয়ই বইটি পড়বেন নিরপেক্ষভাবে, মুক্ত চিন্তার দৃষ্টিভঙ্গি থেকে।