রবিউল হুসাইন স্বনামধন্য কবি। মূলত কবি হলেও তার সৃজনভূবন বহুমাত্রিক। বহুবিচিত্র বিষয়ভিত্তিক চিন্তন ও সৃজন তাঁর সাহিত্যবৈশিষ্ট্য। গভীর ধারার কবিতার সাথেসাথে গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও শিল্পবিষয়ক রচনাতেও তিনি মেধা ও তীক্ষ্ণ বোধের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। 'স্থিরবিন্দুর মোহন সংকট' ধারণ করেছে এমন কিছু গল্প- যা নিরীক্ষাধর্মী; একাধারে বাস্তব, পরাবাস্তব, কল্পনা, স্মৃতি, স্মৃতি-কল্পনা, পর্যবেক্ষণ- এইসবকিছু অদ্ভুতভাবে প্রস্ফুটিত। জীবনবৈচিত্র্যের এমনসব বিন্দুতে মাঝে-মাঝে কথকের ভূমিকায় লেখক নিজেকে দাঁড় করিয়েছেন-যা অভিনব শিল্পশৈলী সৃষ্টি করেছে। এ ধারার গল্প পাঠককে ভাবিয়ে তুলবে নিশ্চিত। নিজস্বনৈকট্য, স্বদেশ-সংস্কৃতি, বিশ্ব পরিবেশের নতুন বীক্ষা পাঠকমনে অদ্ভুত অনুভূতির জাগান দেবে।