কৃষি ফসলের উদ্ভিদতাত্ত্বিক পরিচয় গ্রন্থে বাংলাদেশে চাষযোগ্য চব্বিশটি কৃষিতাত্ত্বিক এবং সাইত্রিশটি উদ্যানতাত্ত্বিক ফসল উদ্ভিদের বাহ্যিক অঙ্গসংস্থান সম্পর্কিত প্রয়োজনীয় বিবরণ রয়েছে। ফসল-উদ্ভিদের বাহ্যিক অঙ্গসংস্থানিক ও অভ্যন্তরীণ গঠনের সচিত্র বর্ণনা গ্রন্থটিতে ভিন্নমাত্রা যুক্ত করেছে। তদুপরি গ্রন্থটিতে উদ্ভিদের শারীরবিদ্যা (Crop Physiology) ও শরীরস্থানবিদ্যার (Plant Anatomy) মৌলিক বিষয়াবলির সচিত্র বর্ণনা উদ্ভিদবিজ্ঞানের আবশ্যিক উদ্ভিদতাত্ত্বিক (Botanical) জ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্যের সমাহার ঘটেছে। কৃষি ফসলের উদ্ভিদতাত্ত্বিক পরিচয় গ্রন্থটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের কৃষিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির পাঠ্যসূচির অনুসরণে প্রণয়ন করা হয়েছে। গ্রন্থটি বিশেষ করে উচ্চ শিক্ষাস্তরের ফসল উদ্ভিদতত্ত্ব (Crop Botany) ও শস্য শারীরবিদ্যার (Crop Physiology) শিক্ষার্থীদের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে প্রভূত কাজে লাগবে আশা করা যায়।