“কত কথা কবিতা”
শব্দের ভেতর লুকিয়ে থাকে কত জানা-অজানা কথা, কত বলা-না-বলা অনুভব, কত নীরব-সরব আনন্দ-বেদনা। এই বইটি সেইসব কথারই এক মৃদু উচ্চারণ- হৃদয়ের গভীর থেকে উঠে আসা অনুভবের অনুরণন।
কখনো স্মৃতির ছায়া, কখনো স্বপ্নের রঙ, কখনো আবার বাস্তবতার কঠিন মায়া- প্রেম, প্রকৃতি ও মানুষ, সময়ের অবিরাম স্রোতধারা।
জীবনের পথে হাঁটতে হাঁটতে দেখা মানুষের মুখ, শৈশবের খেলাঘর, তারুণ্যের স্মৃতি, প্রেম-বিরহ, সুখ-দুঃখ, মান-অভিমান, কান্না-খুশি, জন্ম-মৃত্যু, হার-জিৎ, কল্পনা ও বাস্তবতার মেলবন্ধনেই গড়ে উঠেছে এই কাব্যের জগৎ। কবিতা এখানে শুধু ছন্দ নয়, শুধু ভাষা নয়- এ এক হৃদয়ের বার্তা। যা অনুভব করেছি, যা স্মৃতির মণিকোঠায় সঞ্চিত ছিল; তা-ই শব্দ হয়ে ফুটে উঠেছে প্রতিটি পঙ্ক্তিমালায়।
“কত কথা কবিতা” কোনো থেমে যাওয়া কথা নয়, এ এক চলমান অভিযাত্রা- অনুভূতির অসীমতায় বিস্তৃত। যারা আমার লেখনীকে ভালোবেসে অতীতে ছিলেন, বর্তমানে আছেন এবং আগামীতেও থাকবেন- আপনাদের ভালোবাসাই আমার পথচলার প্রেরণা। পাঠক-পাঠিকার হৃদয়ে যদি একটুখানি ছুঁয়ে যায়, তবেই এই লেখার সার্থকতা।
আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ “কত কথা কবিতা” এবং প্রথম কাব্যগ্রন্থ “শূন্যতায় পূর্ণতা”- এর পক্ষ থেকে সবার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, গভীর কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
প্রিয় পাঠক-পাঠিকাদের, এই কবিতার ভুবনে আন্তরিক আমন্ত্রণ।