আমাদের স্রষ্টা, প্রভু ও প্রতিপালক মহান আল্লাহর শুকরিয়া আদায় করার ভাষা আমার নেই, যিনি আমাদের জন্যে আল কুরআন নাযিল করেছেন, যিনি আমাকে কুরআন পড়ার সৌভাগ্য দান করেছেন, কুরআনকে আমার জীবন যাপনের গাইডবুক হিসেবে গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং কুরআনকে আমার জীবনের 'নূর' বানিয়ে দিয়েছেন। বিভিন্ন সময় আধুনিক শিক্ষিত ব্যক্তিবর্গের বিভিন্ন গ্রুপের সামনে স্টাডি ক্লাসের মাধ্যমে আল্লাহর কালাম পেশ করার যেসব আয়োজন ও প্রয়োজন হয়, সেসব উপলক্ষে নিজেরও বিশেষভাবে কুরআন স্টাডি করার সুযোগ হয়। তার ফলে কুরআনের যে বুঝ ও তাৎপর্য নিজের উপলদ্ধিতে উন্মোচিত হয়েছে, সাথে সাথে তা অন্তরে অন্তরগত এবং কাগজের পাতায় লিপিবদ্ধ করে নেয়ার চেষ্টাও করেছি। এতে করে আমার পরম দয়াময় দাতা প্রভুর অনুকম্পায় কয়েকটি বইও তৈরি হয়ে গেছে। তাঁর কৃপার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে আমি অক্ষম।