হঠাৎ করে দুপুরের তাতানো লাল রোদ যেন মুছে গেল। আলোর উজ্জ্বলতা গেল কমে। চারপাশে কেমন অন্ধকার ঘনিয়ে এলো। আকাশ কালো হয়ে গেল মুহূর্তের মাঝে। দমকা বাতাসের ঝাপটায় রাস্তার কাগজ, শুকনো পাতা, পলিথিনের ফেলে দেয়া ব্যাগগুলো উড়তে লাগল। এর মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। প্রথমে বড় বড় ফোঁটায়, তারপর তুমুলভাবে ঝরতে লাগল। বাপ্পী দৌড়ে কোনোমতে একটি পুরানো বাড়ির বারান্দায় ওঠে। এ যেন বৃষ্টির আচমকা আক্রমণ। খানিক আগেও ঝকঝক করছিল নীল আকাশ। আসলে আষাঢ় মাসের এই দিনগুলো বুঝি এমনি। কথাবার্তা নেই। হঠাৎ করে ঝমঝম বৃষ্টি। রাস্তায় লোকজন তেমন নেই। বাপ্পী দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগল। তার কাছে বৃষ্টি দেখতে দারুণ লাগে। ভেজা প্রকৃতি মনটাকে কেমন কোমল করে দেয়। একটানা বৃষ্টির শব্দ সেতারের মতো সুর তুলে যায়। গাছের ডালে বসে পাখিরা ভিজতে থাকে। ডানা ঝাড়ে।