মহানাম মহাকীর্ত্তনের ব্যাখ্যাই মুখ্য উদ্দেশ্য, তারপরেও এই মহানাম মহাকীর্ত্তন যাঁহার মহাউদ্ধারণ লীলাশক্তিকে প্রকাশ করিতেছেন, সেই মহাবতারীর- অপ্রাকৃত-অযোনিজ শুভ আবির্ভাব প্রসঙ্গে কিছু বলা প্রয়োজন মনে করিলাম।
শ্রীশ্রীপ্রভু বন্ধুসুন্দরের দিব্য আবির্ভাব ও দিব্য লীলাসমূহ বন্ধুলীলা তরঙ্গিনীতে লিপিবদ্ধ করা আছে। তারপরেও মনে করিলাম- এই গ্রন্থখানা (মহানাম মহাকীর্ত্তনের রূপ ও মাধুরী) এমন কাহারো নিকট সংগ্রহ হইতে পারে, হয়তো তাহার নিকট 'বন্ধুলীলা তরঙ্গিনী' গ্রন্থখানি সংগ্রহে নাই।
তাই কিঞ্চিৎ আকারে 'শুভ আবির্ভাব লীলা' উত্থাপন করিলাম এই কারণে- শ্রীশ্রীপ্রভু যেহেতু অ- প্রপঞ্চিক অতীন্দ্রিয়- অযোনিজ, সেহেতু দিব্য অমৃতঘন এবং অপ্রাকৃত সত্তা। তিনি স্বয়ং যেমন অমৃতঘন, তাঁহার নামও অমৃতঘন। কারণ একমাত্র অপ্রাকৃত শ্রীহরিই নাম-নামী অভেদ এবং তাঁহার নাম-কীর্ত্তনের দ্বারা তাঁহারই প্রেমঘন স্বরূপ সাক্ষাৎ উপলব্ধি হইয়া থাকে। স্বরূপ উপলব্ধি হইলে মনুষ্যজাতি দেবত্বে পরিণত হইয়া থাকে। তাই তাঁহার পার্থিব সম্বন্ধ শূন্য, অপার্থিব আবির্ভাব সংযোজন করিলাম।