‘নিস্পৃহ’,‘নিরাসক্ত’,‘নির্মোহ’,‘নির্লোভ’ ইত্যাদি শব্দগুলো কথাশিল্পী মাহমুদুল হকের মানস ও সৃষ্টিকর্ম মূল্যায়নে বহুল পরিমাণে ব্যবহার করা হয়। বস্তুত,মাহমুদুল হকের জীবন-পাঠের পাঠশালাটাই আমাদের প্রচলিত ধারণার বাইরে। এরকম পাঠশালা আর এরকম ছাত্র সব সময় জন্মায় না। এক সময় তাঁর পাঠশালার প্রধান বিষয় ছিল রাজনীতি। কিছুদিন রাজনীতিতে মজেছিলেন। তারপর লেখালেখি। শেষ গন্তব্য সাধক-সন্ন্যাসীদের আখড়া। জীবন নিয়ে এ এক আশ্চর্য বাজিখেলা! মাহমুদুল হকের গল্প-উপন্যাসের আখ্যান,প্রতিটি চরিত্র,প্রতিটি সংলাপ,বাক্য,এমনকি প্রতিটি শব্দ সুবিন্যাস্ত ও সুনিয়ন্ত্রিত; আগুনে পোড়ানো সোনার মতো খাঁটি ও পরীক্ষিত। দীর্ঘ প্রস্তুতি,নিবিড় মনোযোগ,পরিচর্যা ও নিরবিচ্ছিন্ন সাধনা জড়িয়ে আছে তাঁর সৃষ্টির প্রতিটি বাক্যে,শব্দে। এই নীরব সাধনা যখন পূর্ণতা পেত,তখনি তাঁর কলমে ঝড় বয়ে যেত।