সারাদিন মাল্যবানের মনেও ছিল না; কিন্তু রাতের বেলা বিছানায় শুয়ে অনেক কথার মধ্যে মনে হলো বেয়াল্লিশ বছর আগে ঠিক এই দিনেই সে জন্মেছিল-বিশে অঘ্রান আজ।
জীবনের বেয়াল্লিশটি বছর তা হলে চলে গেল।
রাত প্রায় একটা। কলকাতার শহরে বেশ শীত, খেয়ে-দেয়ে কম্বলের নীচে গিয়েছে সে প্রায় গোটা দশেকের সময়; এতক্ষণ ঘুম আসা উচিত ছিল, কিন্তু এলো না; মাঝে-মাঝে কিছুতেই চোখে ঘুম আসে না। কলেজ স্ট্রিটের বড়ো রাস্তার পাশেই মাল্যবানের এই দোতলা ভাড়াটে বাড়িটুকু; বাড়িটা দেখতে মন্দ নয় কিন্তু খুব বড়োসড়ো নয়-পরিসর নেহাত কমও নয়। ওপরে চারটে ঘর আছে তিনটে ঘরেই অন্য ভাড়াটে পরিবার থাকে চিক দিয়ে ঘেরাও করে নিজেদের জন্য তারা একটা আলাদা ব্লক তৈরি করে নিয়েছে নিজেদের নিয়েই তারা স্বয়ংতুষ্ট-এ-দিককার খবর বড়ো একটা রাখতে যায় না।