সমাজে অনৈতিকতা ও অসাধুতা যা কিছু সত্য,সুন্দর ও চির কল্যাণকর,মহান তা-ই ধর্মের শিক্ষা। তাই প্রতিটি ধর্ম মানুষের আত্মোপলব্ধি ও পরম অনুভূতির দিগ্দর্শন। ইসলামের প্রকৃত শিক্ষাই মানুষের দেহ-মনকে পূতপবিত্র,উদার ও মহৎপ্রাণ করে তোলে। ধর্মের প্রকৃত মর্মবাণীর উদ্দেশ্য মানুষের আদর্শ জীবন গঠন। কেননা আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন জাতি-গোষ্ঠীতে অসংখ্য নবী-রাসুল পাঠিয়ে মানবজাতিকে তাদের মাধ্যমে দিয়েছেন নৈতিক শিক্ষা। এ জন্যই রাসুলুল্লাহ (সা.) বলেছেন,‘নিশ্চয়ই আমি আদর্শ আখলাক (চরিত্রাবলি) পরিপূর্ণ করার জন্যই প্রেরিত হয়েছি।’ (তিরমিজি) সমাজে নীতিনৈতিকতা ও আদর্শ চর্চার যে শুভ শিক্ষা বিরাজমান তা ধর্মের জ্ঞান,যা গুরুজনের মুখে ফিরছে এবং গ্রন্থাকারেও লিপিবদ্ধ রয়েছে। ইসলাম ধর্মের এ মহান শিক্ষাই সভ্যতার আলো,যা মানবসত্তাকে বিকশিত করে উন্নত জাতিতে পরিণত করেছে। সুতরাং কোনো সভ্য সমাজে ঢালাও অনাচার,পাপাচার,অনৈতিকতা ও অসাধুতা চলতে পারে না। মানুষের সৎভাবে জীবনযাপনের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। জ্ঞান ছাড়া সচেতনতা আসবে না আর গণসচেতনতা ছাড়া সক্ষমতা আসবে না। ধর্মের শিক্ষা কর্মের জন্য; তা যদি মানুষকে অনৈতিকতা ও পাপ-পঙ্কিলতা থেকে বিরত রাখতে না পারে,তাহলে এতে পরিত্রাণ পাওয়া যাবে না। বর্তমানে অনৈতিকতা ও অসাধুতা যে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে,তা অস্বীকার করার উপায় নেই। সুতরাং পাপের পথ থেকে দূরে থাকতে ও সত্য-ন্যায়ের পথে চলতে ধর্মের নীতি-আদর্শের আবশ্যকতা রয়েছে। সমাজের মেরুদণ্ডে যেন ঘুণ ধরছে। সামাজিক অবক্ষয়,মূল্যবোধহীনতা ও ক্ষয়িষ্ণুতা বৃদ্ধি করছে। যার যার ধর্মের প্রতি অনীহা এবং বিবেক-জ্ঞানবিবর্জিত হওয়ার কারণে অসৎ লোকেরা নানা ধরনের অন্যায় ও অপকর্মে জড়িয়ে পড়ছে। কর্মক্ষেত্রে দক্ষ,অভিজ্ঞ,নীতিমান ও সৎ লোকের খুবই অভাব। নকল,ভেজাল,প্রতারণা আর কারচুপি হয়ে উঠেছে সামাজিক ও বাণিজ্যিক লেনদেনের পদ্ধতি। সমগ্র দেশবাসী নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী,পণ্যদ্রব্য ও ওষুধপথ্য ক্রয়ের প্রাক্কালে প্রতারিত ও বিপদগ্রস্ত হওয়ার ভয়ে ভীত-সন্ত্রস্ত। বাড়তি মুনাফার লোভেই অসাধু ভেজাল ব্যবসায়ীরা এমন সর্বনাশা বক্রপথে পা বাড়িয়েছেন। সমাজে কপট লোকদের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বলেছেন,‘তাদের অনেককে তুমি পাপাচার,সীমালঙ্ঘন ও অবৈধ ভক্ষণে তৎপর দেখতে পাবে; তারা যা করে নিশ্চয়ই তা কতই না নিকৃষ্ট!’ (সূরা আল-মায়িদা,আয়াত: ৬২) যারা মানুষের ক্ষতি সাধন করে বা সর্বনা