ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া শেষ করার সাথে সাথেই নিনা ক্রাফৎসোভাকে পাঠানো হলো একটি অনেক তলা বাড়ি তৈরির কাজে। নিনা তার বাপ-মায়ের সঙ্গে মস্কোর একটি পাথর বাঁধানো চুপচাপ গলিতে থাকত। গ্রাজুয়েশনের উপাধি-প্রবন্ধ সমর্থন করার ক'দিন বাদে তার ২৩ বছরের জন্মোৎসব অনুষ্ঠিত হলো। কিন্তু যারা এই প্রথম দেখল, তারা তাকে প্রথম কিংবা দ্বিতীয় বার্ষিকীর ছাত্রী বলে ধরে নিল, মনে করল তার বয়স বুঝি তখনও কুড়ি বছর পেরোয়নি। কেন তা বলা কঠিন।
হতে পারে যে কলেজে পড়লেও ইশকুলের মেয়েদের মতো ধরণধারণ সে হারিয়ে ফেলেনি। তখনও পর্যন্ত গোঁফদাড়ি ওঠা ছাত্রদের বলত 'এই ছেলেরা,' কিংবা হতে পারে যে তার ভাসা ভাসা নির্ভরশীল চোখ আর ছেলেমানুষী ছুলির দাগওলা বোঁচা নাক দেখে লোকের ভুল ধারণা হতো। নিনার ঘনিষ্ঠ বন্ধুরা দেখে অবাক হতো যে কত তাড়াতাড়ি তার মন, বিবেচনা শক্তি আর তীক্ষ্ণ ব্যবহারিক বুদ্ধি পেকে উঠেছে।