মানুষ একাকী এক মিথ
কলম যা লিখছে, তা আসলেই অনুযোগ—
বৃথা বাঁচার আরও এক স্বপ্নদেশ,
বৃথাই মানুষ পথ চলে, গান গায়, ছবি আঁকে,
ভালোবাসে কিংবা ঘৃণাও করে,
এমনকি খুন করে অতিসংগোপনে,
এমনকি একই নিয়মে চুমোও খায়,
শুয়ে পড়ে ঘাসের আড়ালে নগ্ন,
প্রকাশ্য হত্যার ভেতর এতটা দ্বেষ থাকে
যে খুনিরা পালাতে চায় না,
প্রকাশ্য প্রেমের ভেতরও এতটাই প্রাণ থাকে,
দ্রোহের ভেতর সত্যি প্রেম, হিংসা ও দ্বেষ মিশে গেলে
যে যে-কোনো জায়গায়,
যে-কোনো মুহূর্তে বারুদহীন ম্যাচের বাক্সও জ্বলে উঠতে থাকবে
পেট্রলের লরি কৃষ্ণচূড়ার ফুলের হয়ে
প্রাকৃতিকভাবে বিস্ফোরিত হতে থাকবে হাওয়ায়,
বড়ো রাস্তায় বা শাসকের পথে,
ফুল নাকি লরি -- কে যে আজ
জ্বলে উঠবে সহসা রাজপথে,
অথবা বড়ো রাস্তার ধারে।
দাঁড়ানো আতঙ্কবাদী এই কৃষ্ণচূড়া,
তার পাপড়ির ভেতরে লুকানো
আবরুখোলা ধাতুর পরাগধানী
সে খুলে দেখাবে আমাদের,
ফলের জৈব গ্রেনেড ফুটে যেতে পারে শাসকের সমাবেশে।
আজ ফুলও সন্দেহের তালিকায়
চলে গিয়েছে শাসকের কাছে—
এমনই এক সময় বইছে সহসা এখানে।