পুরাণ হলো প্রাচীন মানুষের কল্পনা, বিশ্বাস আর ভাবনার মিলনস্থল। এগুলো এমন গল্প, যা মানুষ তৈরি করেছে আর প্রজন্মের পর প্রজন্মের স্মৃতিকথার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এসেছে। যখন বিজ্ঞান ছিল না, অক্ষর ছিল না, তখন মানুষ আকাশ, মাটি, আগুন, জল, গাছ, পাথর আর নিজের স্বপ্নের দিকে তাকিয়ে প্রশ্ন করত-সেখান থেকেই নিজের মতো করে জবাব নির্মাণ করত। পুরাণ সেই প্রশ্নের গল্পভাষা। এগুলো ইতিহাসের মতো প্রমাণযোগ্য নয়, আবার রূপকথার মতো ফাঁকাও নয়।
এই বইয়ের গল্পগুলো এসেছে পৃথিবীর নানা প্রাচীন জাতিগোষ্ঠীর সংস্কৃতি থেকে। এগুলো একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে না। প্রত্যেকটি গল্প শুধু এটুকুই বলে-মানুষ নিজেকে কীভাবে কল্পনা করেছে। এই গল্পগুলো পড়তে গিয়ে কোনো কিছু বিশ্বাস করতে হবে না। শুধু মনে রাখতে হবে-এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে গল্প বলে এবং গল্প বলেই মানুষ হয়ে ওঠে।