খোদ মার্কিন রাষ্ট্রপতি বললেও কোনো লাভ হবে না। আকলিমা বেগমের ইচ্ছাই চূড়ান্ত। পরিবারের সবাই তার কথায় ওঠে আর বসে। কখনো কখনো এক পায়ে দাঁড়িয়েও থাকে। খাদিজার অবস্থা এক পায়ে দাঁড়িয়ে থাকাদের চেয়ে কিঞ্চিৎ ভালো। সে মাকে ভয় পায়। তবে যতই ভয় পাক, তালগাছের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকা মানুষ সে না। মা তো আর বাঘ- ভাল্লুক না যে, হাড্ডি-মাংস চিবিয়ে খাবে। মায়ের সামনে সে খুব শক্ত হয়ে দাঁড়ায়। তারপর চিবিয়ে চিবিয়ে বলে, তাইলে তুমি এমন নিদান কালেও বুবুরে বাড়িতে জায়গা দিবা না?
কইলাম তো দিমু না। আমি এক কতার মানুষ।
এক কথার মানুষ, এইডা যেমন সত্যি। তেমনি দুই কথাও যে কও না, এইডাও তো সত্যি না।
মানে?