বুঝতে পারি না, ধরতে পারি না
সুদৃশ্য ফ্ল্যাটগুলোর সুউচ্চ ছাদে
বৈকালিক মায়াবী মুকুরে
সুবর্ণ মেয়েরা যখন কলহাস্যে মাতে
কিংবা বেলকনির গ্রিল ধরে আনমনা কেউ
কিছু না দেখার বিষণ্ন দৃষ্টি মেলে ধরে দূরে
এর মাঝেই কোথাও একটা কবিতা আছে
শুধু আমিই ধরতে পারি না, বুঝতে পারি না।
ঠিক দুপুরে সজনে গাছের পেছনে
ঘন কালো মেঘ
পাতা কাণ্ডে খুশির ঝিলিক
গাছের শরীরে মেঘের আদর
এর মাঝেই কবিতা আছে, মিটিমিটি হাসে
আমিই বুঝতে পারি না, ধরতে পারি না।
নদীর জলে পানকৌড়ির জলকেলি
গাছের ছায়া জলের ঢেউয়ে দোলে
বাউল বাতাস ছুঁয়ে যায় জলের শরীর
কবিতা এসেছিল, পাড়ে বসেছিল
আমিই বুঝতে পারিনি, ধরতে পারিনি।
কুমারী চাঁদ যখন রুপোলি কাশফুলে
প্রেমের দোলা দিয়ে যায়
অস্ফুট জোনাক রাতে
হাসনাহেনার গন্ধ ভাসে
শূন্য মাঠে রুমাল ফেলে কেউ গেছে চলে
আমি হৃদয় পেতে বসে থাকি
তবু অধরা কবিতাকে বুঝতে পারি না, ধরতে পারি না।