কাকডাকা ভোরে সবাই যখন ঘুমিয়ে থাকে, সে সময় ঘুম থেকে ওঠে মেয়েটি-সবাই ঘুমিয়ে পড়ার পর সে ঘুমোতে যায়। মাঝখানের সারাটা সময় কাজ করে যে মেয়েটি-সে মেয়েটির নাম রাজকন্যা। এ বাড়ির রান্নাঘরের পাশে রয়েছে একটি ঘর। সে ঘরটি বরাদ্দ রাজকন্যার জন্য। রাজকন্যা সে ঘরে ঘুমোতে যায়, তবে প্রতিদিন ওর চোখে ঘুম আসে না। যেদিন ঘুম আসে না সেদিন রাজ্যের ভাবনা জড়িয়ে ধরে ওকে। বিশেষ করে মনে পড়ে ওর নামের ব্যাপারটা। রাজকন্যা ভাবে, এ নামটা শুনে সবাই ওর দিকে অমন বাঁকা চোখে তাকায় কেনো? কি অর্থ এ নামটার? নাম নিয়ে প্রতিদিনই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় রাজকন্যাকে। যার সঙ্গে প্রথম পরিচয় হয়, সেই ওকে জিজ্ঞেস করে ওর নামটি কে রেখেছে। রাজকন্যা বলে, বাবা রেখেছেন। সে কথা শুনে কেউ কেউ মুখ টিপে হাসে। কেউ কেউ বলে, কাজের মেয়ের নাম রাজকন্যা-একেই বলে কানা ছেলের নাম পদ্মলোচন।