দীর্ঘকাল অতিক্রম হইবার পর তাহার সহিত আমার আবারও দেখা হইল। হইল তো হইল অথচ একটা কথাও হইল না। তাহার মুখোমুখি বসিলাম ক্ষণকাল কিন্তু নীরব রহিলাম। এতদিনের গভীর সম্পর্ক যাহার সহিত দীর্ঘদিন চোখের বিচ্ছেদ অতিক্রম হইবার পর হঠাৎ যখন দেখা হইল তখন কী করিয়া একটা কথাও হইল না তাহার সহিত তাহা ভাবিতে আমি সত্যিই ব্যর্থ হইলাম। এমন ঘটনা কী করিয়া ঘটিল? আর হ্যাঁ, এমনটাই ঘটিল আমার সহিত। অথচ আমিই ছিলাম তাহার শৈশবের সর্বোত্তম খেলার সাথী, সে-ও আমার খুবই পছন্দের।
সেই বালুকা বেলায় বিনোদ দাদা ছিল আমার একান্ত ঝিনুক কুড়ানো এবং লুডু খেলার সাথী। তাহার সহিত একত্রে কত যে কানামাছি ভোঁ ভোঁ খেলা, আঁচা-খুটি খেলা, পুতুল পুতুল খেলা খেলিয়াছি তাহার সীমা নাই।