হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (রহঃ) মুসলিম জাহানের খ্যাতনামা শিক্ষাবিদ, চিন্তাবিদ, দার্শনিক, সুফী-সাধক এবং সুধীমন্ডলীর শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। বিস্ময়কর অনন্য প্রতিভা তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। তাঁর সে প্রতিভার সাথে যুক্ত হয়েছিল অকল্পনীয় কঠোর সাধনা। আর তারই ফলে তিনি জীবনের প্রকৃত সাফল্য করায়ত্ত করে নিজেকে সর্বযুগের সুধীবৃন্দের হৃদয়ের ধ্যান-ধারণার ব্যক্তি হিসেবে পরিণত করতে পেরেছিলেন। তবে এই সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করতে তাঁকে জীবনে যে প্রতিকূলতার সাথে সংগ্রাম করতে হয়েছে যে দুর্বার প্রতিরোধের মুখে তাঁকে অনমনীয় মনোভাব গ্রহণ করতে হয়েছে তা' সত্যিই পরম বিস্ময়কর। জীবনের কঠোর সাধনা, সত্যোদঘাটনের অবিরাম চিন্তা-ভাবনা ও গবেষণালব্ধ ফসল যখন তিনি এনে যুগ মানবের সামনে পেশ করলেন, তখন তাদের তা' সাদরে বরণ করার বদলে তারা তাঁর প্রতি রক্তভ্রুকুটি হানল। বিলম্ব হল না এতটুকু মাত্র, যে কোন প্রতিভাধরকে ঘায়েল করার সর্বাপেক্ষা মোক্ষম আঘাত কুফরী ফতোয়া তাঁর প্রতি আরোপ করা হল। বিরোধীদের আক্রমণাত্মক তৎপরতা এখানেই শেষ হল না; বরং তাঁর রচিত অমূল্য গ্রন্থাবলীও তদানীন্তন ওলামারা সব আগুনে জ্বালিয়ে দিলেন। সারা মুসলিম জাহানব্যাপী ঘটে গেল এক তুমুল কান্ড।