জাদুর রাজ্য জেমা চত্বরে সারি সারি লণ্ঠনের আলো। আদিলা ঝুড়ি থেকে তুলে নেয় তাজা ডুমুর। তার আঙুলের স্পর্শে ফলগুলো লজ্জায় হয়ে ওঠে টকটকে লাল। কাফতানের আঁচল থেকে একটি পুরোনো কৌটো বের করে বলে, ‘আমার নানির স্মৃতি, তিনি বলতেন, এই তেল সময়ের দাগ মুছে দেয়।’ গভীর রাতে গল্পকথকেরা বসে বার্বার উপজাতির প্রাচীন কিংবদন্তি, পাহাড়ি দৈত্য আর মানুষের লড়াইয়ের গল্প বলে। ‘মারাকেশ কখনো ঘুমায় না,’ আদিলা বলে, ‘এখানে রাতের প্রতিটি নিশ্বাসে জন্ম নেয় নতুন গল্প।’ ওর হাতে জেসমিনের মালা, একটি ফুল খসে পড়ে। ফুলটি তুলে আমাকে দিয়ে বলে, ‘রাখো, এই ফুলের মধ্যে আজকের সূর্যাস্ত আটকে থাকবে।’ এরকম সহজ মুখ ও মনের গল্প মক্কা থেকে মারাকেশ।