বাংলাদেশের সংস্কৃতিতে ছড়া ও কবিতার মাঝামাঝি একটি ধারা চালু হয়েছে। প্রচলিত কথায় এর নাম কিশোর কবিতা,কিশোরী ও তরুণীরাও বাদ যাবার কথা না,ফলে এর নাম হওয়া উচিত বয়ঃসন্ধির কবিতা । সৌভাগ্যক্রমে বাংলাদেশে কিশোর কবিতার প্রথম যে সংকলনটি প্রকাশিত হয়েছিল আমি ছিলাম তার সম্পাদক মণ্ডলির একজন,বন্ধু ওমর কায়সার,উত্তম সেন দু’জনই কবি ও ছড়াকার,উত্তম নামজাদা আঁকিয়ে ও প্রচ্ছদশিল্পী। তাদের উৎসাহ উদ্দীপনায় তিনজন মিলে ‘ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে’ নামে সে কিশোর কবিতা সংকলনটি এখন নিজেই এক ইতিহাস। ফলে,এ ধরণের পদ্য লেখার একটা দায়িত্ব আছে বৈকি,মগজে থাকলেও লেখা হয়নি,লিখলেও বই হয়নি। এবার তরুণ প্রকাশক মিঠু কবিরের প্রচেষ্টায় তা আলোর মুখ দেখছে। পরিবার ও সমাজে সবচেয়ে অবহেলিত অথবা বুঝতে না পারা প্রজন্ম এরা। এদের মনোভাব,এদের সুখ দুঃখ ধরতে পারা সহজ কিছু নয়। তবু চেষ্টা করা হলো,দেখা যাক এর পাঠকপ্রিয়তা কতদূর গড়ায় ।