জেলাপরিষদ ময়মনসিংহের উদ্যোগে ১৯৭৮ সালে ‘ময়মনসিংহের সাহিত্য ও সংস্কৃতি’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। স্বনামধন্য লেখকদের গবেষণালব্ধ প্রবন্ধ সূচিবদ্ধ করে গ্রন্থটিতে বৃহত্তর ময়মনসিংহের সাহিত্য ও সংস্কৃতির তথ্যভিত্তিক ইতিবৃত্ত তুলে ধরা হয়। বাইশ বছর পর অর্থাৎ ২০০০ সালে গ্রন্থটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়। ১৯৭৮ খ্রি. থেকে অদ্যাবধি প্রায় ৪৫ বছর যাবৎ এব্যাপারে অনুরূপ কাজের কোনো উদ্যোগ নেই। এ লেখক স্বপ্রণোদিত হয়ে মৈমনসিংহের সাহিত্য নামে এই গ্রন্থটি প্রকাশের উদ্যোগ নেন।
এটিতে ওপরে বর্ণিত গ্রন্থের সাহিত্য অংশের সংক্ষিপ্ত ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। এই কঠিন কাজটির জন্য তাঁকে দীর্ঘ পাঁচ বছর শ্রম দিতে হয়েছে। তারপরও এটিকে সামগ্রিক তথ্যপূর্ণ গ্রন্থ বলে দাবি করা যাবে না। বলা যায় এটা একটি চলমান প্রক্রিয়া।