রাজধানী শহরের একটি গলি দিয়ে হাঁটতে হাঁটতে দুজন তিন রাস্তার মোড়ে এসে দেখে, সেখানে এক কোণে নোংরা আর্বজনার বিরাট স্তুপ। চারপাশে ভনভন করছে অসংখ্য মাছি। দুটি নেড়ি কুকুর আহারের সন্ধানে আবর্জনার স্তূপে গন্ধ শুঁকছে। মাঝে মাঝে কুকুর দুটি ঘেউ ঘেউ করছে আর পরস্পরকে চোখ রাঙিয়ে নিজেদের শক্তিমত্তার পরিমাণটা জানান দিচ্ছে। চারপাশ উৎকট দুর্গন্ধে ছেয়ে গেছে। তৌফিক উল্লাহ্ নাকটা চেপে ধরেও যখন এ থেকে রেহাই পাচ্ছিল না তখন তানিমকে বলল, 'কোথায় নিয়ে এলে আমায়? এর চেয়ে নিকৃষ্ট জায়গা আর থাকতে পারে না কোথাও।' তানিমের কণ্ঠে উল্টো সুর। সে বলল, 'ভুল বললেন বাবা। কিছু কিছু মানুষের ভেতরটা এর চেয়েও নিকৃষ্টতর, এর চেয়েও অধিক দুর্গন্ধময় তাদের মনের ময়লা।'