সাহিত্য সংস্কৃতি ও মানবসেবা যাঁর অন্যতম নেশা, হৃদয়ের আনন্দ অন্বেষণে তিনি ডুব দেন সত্যের গভীরে। আর এই সত্য অন্বেষণেই ফসল, মুহাম্মদের নাম।
মুস্তাফা জামান আব্বাষী তাঁর পিতা আব্বাসউদ্দিনের কাছে একই সঙ্গে পেয়েচিলেন সঙ্গীত ও ধর্মীয় চেতানার দীক্ষা। পরবর্তীতে তাই রূপেরসে বর্ণেগন্ধে পল্লবিত হয়েছে তাঁর জীবনে। নবীকে ভালোবেসে তাঁর পথে বিলীন হয়ে যাওয়া ভক্তহৃদয় এই গ্রন্থে পাবেন এক অনুপম দৃষ্টিভঙ্গি। নতুন আঙ্গিকে নব প্রেরণার সুধারসে নবীকে দর্শন করেছেন তিনি। ব্যবহার করেছেন সুখপাঠ্য ভাষা। ইতিহাসের ছাত্র হিসেবে বিশ্লেষণধর্শী তাঁর উপলব্ধি একজন আধুনিক মানুষের দৃষ্টিতে বিশ্বনবীর কালজয়ী রূপটি তুষারাবৃত গিরিশিখরে সূর্যকিরণের অনবদ্য আলোকচ্ছটার মতই ঝলমল করে উঠেছে।
রুদ্ধনিঃশ্বাসে পড়ে ফেলার মত নবীজীবনী আছে প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে নবী সম্পর্কে আঠারোটি বিষয়ভিত্তিক আলোচনা, তৃতীয় খণ্ডে লেখকের অনুবাদে ৪৫১টি রাসুলের হাদিস, কাসিদা-এ-বোরদার অনুবাদ, নাত ও বাংলায় এ যাবৎ প্রকাশিত সিরাত গ্রন্থাবলীর তালিকা। তৃতীয় সংস্করণে আছে লেখকের সমসাময়িক চিন্তা।
চার দশকের বেশি জীবনসঙ্গী হিসেবে দেখছি যাঁকে, তাঁর গ্রন্থ সম্পর্কে এটুকুই বলতে পারি : অন্তরের অকৃত্রিম ভালোবাসা প্রেম ভক্তির অশ্রুজলে অভিষিক্ত এই গ্রন্থটি পাঠকমাত্রেরই হৃদয় ছুঁয়ে যাবে।
আসমা আব্বাসী
৮ ফেব্রুয়ারী ২০১০