আন্দ্রেই তারক্কোবস্কির 'সোলারিস' চলচ্চিত্রের কাহিনীকার হিসেবেই স্তানিসোয়াভ লেমের নাম যখন সত্তরের দশকে আমেরিকায় পৌঁছেছিল, আর পরপর তর্জমা করা হয়েছিল তাঁর গোটা দশেক বই, তখন এইভাবেই মার্কিন মুলুকে হুলস্থুল তুলেছিলেন পোলভাষার এই দুর্ধর্ষ লেখক।
স্তানিসোয়াভ লেম জন্মেছিলেন ১৯২১-এ, 'আর. ইউ. আর' প্রকাশিত হওয়ার বছরে, যে নাটকে কারেল চাপেক উদ্ভাবন করেছিলেন, 'রোবোট' কথাটা। কাকতাল, কিন্তু দারুণ তাকলাগানো কাকতাল এটা, কারণ স্তানিসোয়েভ লেমের রচনার একটা বড় অংশই রোবোটদের নিয়ে।
লেম বড় হয়েছিলেন পোল্যান্ডের ভুভে (জায়গাটা এখন উক্রেনের অংশ; এককালে যখন জার্মানির অংশ ছিল, তখন তার নাম ছিল লেমবার্গ)। লেম যখন ডাক্তারি শেখবার জন্য সদ্য মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, এমন সময় যুদ্ধ বাধলো, লেমকে মাঝপথেই পড়াশোনায় ইস্তফা দিতে হলো (নাৎসি হানার সময়ে তিনি এক গাড়ির কারখানায় মেকানিক ও ওয়েল্ডারের কাজ নিয়েছিলেন, কিন্তু ভেতরে ভেতরে কাজ করতেন প্রতিরোধ বাহিনীতে;