তাজুল মোহাম্মদ যৌবনের ঊষালগ্নে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপাদান আহরণ এবং লিপিবদ্ধকরণের কাজে হাত দেন। এর প্রেক্ষাপট এখানে তুলে ধরার প্রয়োজনীয়তা বোধ করছি না। তারপর কেটে গেছে ৪২ বছর। এ কাজে ছেদ পড়েনি কখনো। কথা বলেছেন, সাক্ষাৎকার নিয়েছেন সত সহস্র স্মৃতিধারী মানুষের। এর সঙ্গে বাস্তব জীবন থেকে আহরিত অভিজ্ঞতার সমন্বয়ে প্রণয়ন করেছেন অতুলনীয় গ্রন্থসম্ভার। অফিসের টেবিলে কিংবা ড্রইংরুমের আরাম কেদারায় বসে নয়----- বাংলাদেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ঘুরে ঘুরে তুলে এনেছেন তথ্য উপাত্ত। অকল্পনীয় সময় দিয়ে, অমানুষিক খাঁটুনি আর বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আহরিত এ সম্পদ সন্নিবেশিত হয়েছে এক শতাধিক গ্রন্থে।